Wednesday, 08 April 2026

ব্রেকিং নিউজ:

সাওদা সুমির মুক্তি ইস্যুতে সাদিক কায়েমের কড়া বার্তা

রাজনীতি April 7, 2026 05:58 AM ১৩০ দর্শক
সাওদা সুমির মুক্তি ইস্যুতে সাদিক কায়েমের কড়া বার্তা

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর এক নারী কর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুকে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার এবং জ্বালানি তেল সংকট নিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে তার মুক্তির দাবিতে সরব হচ্ছেন বিভিন্ন মহল। অনেকেই তার তিন বছর বয়সী প্রতিবন্ধী সন্তানের বিষয়টি তুলে ধরে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদেক কায়েম সোমবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এ ঘটনার তীব্র সমালোচনা করেন। তিনি লিখেছেন, ভোলার এই গ্রেপ্তার “পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ” এবং তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়া অমানবিক।

তিনি আরও বলেন, যারা একসময় নিজেরাই নিপীড়নের শিকার ছিলেন, তাদের শাসনামলে এ ধরনের ঘটনা কাম্য নয়। তিনি বিবি সাওদার অবিলম্বে মুক্তি এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ক্ষমতার অপব্যবহার শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণকর নয়।

উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর একজন নারী কর্মী। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

অনুরূপ সংবাদ