Tuesday, 07 April 2026

ব্রেকিং নিউজ:

সংস্কার নিয়ে আসিফ নজরুলের বিস্ফোরক বক্তব্য

জাতীয় April 6, 2026 01:55 PM ৩০৮ দর্শক
সংস্কার নিয়ে আসিফ নজরুলের বিস্ফোরক বক্তব্য

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন, তার দায়িত্বকালে প্রণীত আইনগুলোই ছিল প্রকৃত সংস্কারের প্রতিফলন।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। পোস্টে তিনি তার মেয়াদে গৃহীত বিভিন্ন আইনগত উদ্যোগ, সেগুলোর প্রণয়ন প্রক্রিয়া এবং এ নিয়ে তৎকালীন সমালোচনার বিষয়ও তুলে ধরেন।

আসিফ নজরুল বলেন, তাদের সময়ে ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী আইন প্রণয়ন করা হয়েছিল। এর মধ্যে মানবাধিকার কমিশন আইন, গুমবিরোধী আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত আইন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন উল্লেখযোগ্য। তার মতে, এসব আইনই ছিল বাস্তব ও কাঠামোগত সংস্কারের মূল ভিত্তি।

তিনি উল্লেখ করেন, ওই সময় অনেকেই সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ “সংস্কার কোথায়” বলে সমালোচনা করেছেন, আবার কেউ সরকারকে “অধ্যাদেশের সরকার” বলে আখ্যা দিয়েছেন। এমনকি কিছু বিশ্লেষক মত দেন যে, এ ধরনের উদ্যোগ নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এসব আইনের প্রয়োজনীয়তা অনেকেই উপলব্ধি করছেন বলে তিনি দাবি করেন।

আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, আইন মন্ত্রণালয়ের দক্ষ একটি টিম নিরলসভাবে কাজ করেছে। গবেষণা, অভ্যন্তরীণ আলোচনা, বিশেষজ্ঞদের মতামত গ্রহণ এবং একাধিকবার খসড়া সংশোধনের মধ্য দিয়ে আইনগুলো চূড়ান্ত করা হয়। একই সঙ্গে সরকারের ভেতরে নানা প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে। বিশেষ করে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন প্রণয়নের ক্ষেত্রে তাকে পদত্যাগের হুমকি দিতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করেন যে, এসব আইন ভবিষ্যতেও বহাল থাকবে এবং এগুলো থেকে পিছিয়ে আসা সহজ হবে না। পাশাপাশি তিনি জানান, রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পরিবেশ খাতেও গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেগুলো সংরক্ষণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

অনুরূপ সংবাদ