নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান
শেখ হাসিনার বিচার মানেন না বলে মন্তব্য করে আলোচনায় আসা বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান আদালতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার জন্য তাকে সতর্কও করেন আদালত।
শুনানিকালে ফজলুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে বলেন, “আমি আল্লাহর পরেই আদালতকে সম্মান করি।”
ফজলুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যরা। রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিম উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন সূত্র জানায়, গত ৩ নভেম্বর ট্রাইব্যুনালের কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান বিএনপি নেতা ফজলুর রহমান। পরে আজ সশরীরে হাজির হয়ে তিনি বক্তব্য দেন।
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বিচার পরিচালনা ও প্রসিকিউশন সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
এ অভিযোগের পর গত ২৬ নভেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে তলব করে সোমবার হাজির হতে নির্দেশ দেন।
উল্লেখ্য, ফজলুর রহমান একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে