Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

জাতীয় নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বার্তা

জাতীয় December 3, 2025 05:56 PM ১৯৯ দর্শক
জাতীয় নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বার্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা কোনোভাবেই চান না নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক। বরং যথাসময়ে এবং অনুকূল পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই তাদের মূল প্রত্যাশা।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রার্থীরা যাতে স্বচ্ছভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করাও কমিশনের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ‘লেভেল প্লেইং ফিল্ড’ অর্থাৎ সমান সুযোগের পরিবেশ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) যেসব বদলি হয়েছে, সেখানে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনসিপি আহ্বায়ক।

গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গণভোটে অন্তর্ভুক্ত প্রশ্নগুলো শুরু থেকেই জনসমক্ষে তুলে ধরার প্রয়োজন আছে, যাতে কেউ বিভ্রান্ত না হয়। মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর প্রচার ঠেকাতে নির্বাচন কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, গণভোটে প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। তবে সেগুলো আরও সহজ ও স্পষ্ট করা গেলে মানুষের জন্য বোঝা সহজ হতো। এই বিষয়ে তারা সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

তফসিল ঘোষণার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা উচিত।

নির্বাচন কমিশনের গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান কমিশন পুরোনো আইনের ভিত্তিতে গঠিত হয়েছে, যা সংস্কার প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবু তারা নির্বাচনের পথে এগোতে চান এবং কমিশনকে সহযোগিতা করবেন।

তবে নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, কমিশনের পক্ষ থেকে যদি কোনো ধরনের পক্ষপাতমূলক ভূমিকা দেখা যায়, তাহলে এনসিপি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করতে বাধ্য হবে।

অনুরূপ সংবাদ