আন্দোলনের নামে পরীক্ষা বন্ধ, কঠোর হুঁশিয়ারি উপদেষ্টার
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি পরীক্ষাসূচি স্থগিত বা বন্ধ রাখেন, তবে সরকারি কর্মচারী বিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আন্দোলনের নামে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রাখা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের শামিল।
তিনি বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণ বিধি পরিপন্থি। যারা এই বিধি লঙ্ঘন করবেন, তাদের শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। সরকার এ বিষয়ে পুরোপুরি দৃঢ় অবস্থানে রয়েছে।”
শিক্ষা উপদেষ্টা মন্তব্য করেন, বিভিন্ন স্কুলে কোথাও পরীক্ষা হয়েছে, কোথাও হয়নি—এটি একটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করেছে, যা শিক্ষার্থীদের মানসিক চাপের মধ্যে ফেলেছে।
নবম গ্রেডে পদোন্নতির দাবিকে ‘অন্যায় ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষকরা চাকরিতে যোগ দেওয়ার সময়ই জানতেন তারা দশম গ্রেডভুক্ত থাকবেন। হঠাৎ করে নবম গ্রেডে যাওয়ার দাবি তাদের চাকরির শর্তের মধ্যে ছিল না।
তিনি আরও বলেন, নবম গ্রেডে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা থাকেন। সুতরাং বিষয়টি একক কোনো মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়, বরং এটি আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তসাপেক্ষ। কেউ চাইলে এককভাবে এই গ্রেডে যেতে পারেন না।
তিনি অভিযোগ করে বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ব্যবহার করছেন চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে। “শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে ব্যবহার করা একজন শিক্ষকের জন্য চরম অনৈতিক কাজ,” মন্তব্য করেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার এই দাবিকে প্রত্যাখ্যান করছে এবং শিক্ষকরা যেন আগামী দিন থেকেই নিয়মিত পরীক্ষা গ্রহণ করেন—এই আহ্বান জানান।
তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় দেশের সব জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক হয়েছে। জেলা প্রশাসকরা জানিয়েছেন, শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী, তবে একটি অংশ পরীক্ষায় বাধা সৃষ্টি করছে।
পরীক্ষা গ্রহণে কোনো আপস করা হবে না বলে পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। আগামীকাল থেকে পরীক্ষা নেওয়া না হলে শিক্ষকরা অবশ্যই শাস্তির মুখোমুখি হবেন।”
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে