Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

সুষ্ঠু নির্বাচন হলে যেই জিতুক অভিনন্দন জানাবে জামায়াত: ডা. শফিকুর রহমান

জাতীয় November 26, 2025 10:00 AM ৪২ দর্শক
সুষ্ঠু নির্বাচন হলে যেই জিতুক অভিনন্দন জানাবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে যদি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে যেই সরকার গঠন করুক, জামায়াতে ইসলামী তাকে অভিনন্দন জানাবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত বৈধতা পায়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী সরকারের সময় অনুষ্ঠিত তিনটি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণকে পাশ কাটিয়ে ক্ষমতা দখলের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে বেরিয়ে আসার সময় এখনই। তিনি বলেন, দেশ গঠনের প্রতিটি কাজে নারী ও পুরুষ সমানভাবে অংশ নেবে—এটাই জামায়াতের নীতি।

নারীদের বিষয়ে তিনি বলেন, কেউ যদি চোখ-মুখ না ঢাকে, জামায়াত কাউকে বাধ্য করবে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই দলের অঙ্গীকার।

এ সময় সংস্কার ইস্যুতে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এখনও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন হয়নি। কেউ না কেউ কোনো না কোনো সংস্কারে বাধা দিয়েছে। শুধু নির্বাচন নয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশকে এগিয়ে নিতে পারে।

কালো টাকা ও ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী গায়ের জোর বা অবৈধ অর্থের প্রভাব বিস্তারের রাজনীতি করে না। এসবের কোনো চর্চাও দলটির নেই। তিনি আরও বলেন, ভোট কেনার মাধ্যমে ব্যালট ভরার রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না।

তিনি বলেন, জামায়াত অন্ধ সমর্থন চায় না; জনগণের ভালোবাসা ও আস্থাই দলের প্রধান শক্তি।

অনুরূপ সংবাদ