গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন : দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নগরীর বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, মাই টিভির প্রতিনিধি আজাদ, খবর পত্রের সাংবাদিক বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির, যায় যায়দিন পত্রিকার সাংবাদিক রাজিব, সাংবাদিক গাজী মামুন, রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের টঙ্গী প্রতিনিধি আশিক, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, মাহবুব জিলানী, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, আবু সাঈদ মৃধা, ইফতেখার, আনিসুল ইসলাম, মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সংবাদকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষা এবং আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে সংবাদ প্রকাশের কারণে বহু সাংবাদিক নিহত হয়েছেন, নির্যাতন–নিপীড়ন ও মামলা–হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে