মেয়েকে নিয়ে আলাদা কক্ষে ঘুমিয়েছিলেন স্ত্রী, মাঝরাতে শ্বাসরোধে হত্যা: পুলিশ
মুন্সিগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে রিনা বেগম (৩২) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুমন সরকার (৪০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে খাবার দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। পরে রিনা তাঁর আট বছরের মেয়েকে নিয়ে একটি ছোট কক্ষে ঘুমিয়ে পড়েন। সুমন পাশের কক্ষে ঘুমান। রাত আনুমানিক একটার দিকে তিনি স্ত্রীর কক্ষে গিয়ে ঘুমন্ত অবস্থায় রিনাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ঝগড়ার পর আলাদা কক্ষে ঘুম
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, প্রায় ১৭ বছর আগে রিনা ও সুমনের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশের দাবি, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শুক্রবার রাত নয়টার দিকে সুমন বাড়িতে ফিরে স্ত্রীকে খাবার দিতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে স্বজনেরা বিষয়টি মীমাংসা করে দেন।
এরপর রাত ১০টার দিকে রিনা মেয়েকে নিয়ে আলাদা কক্ষে ঘুমাতে যান।
ভোরে বাড়ি ছেড়ে যান সুমন
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার পরও সুমন বাড়িতে অবস্থান করেন। ভোরে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে তিনি কুমিল্লার দিকে চলে যান।
পুলিশের একটি দল তাঁকে অনুসরণ করে কুমিল্লার বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় অভিযান চালায়। পরে শনিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশে রওনা হলে গজারিয়ার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হত্যা মামলা, আদালতে পাঠানো
নিহত রিনা বেগম গজারিয়ার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের ইব্রাহিমের মেয়ে। তাঁর স্বামী সুমন পেশায় রংমিস্ত্রি।
এ ঘটনায় রিনার ভাই সাফায়েত হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেছেন। পরে গ্রেপ্তার সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
১১ ঘন্টা আগে
সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান
১২ ঘন্টা আগে
অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষ-লুটপাটে জড়িত: স্পিকার
১২ ঘন্টা আগে