‘নির্বাচন এলেই বিএনপির গায়ে টুপি-পাঞ্জাবি ও হাতে তসবিহ দেখা যায়’: গোলাম পরওয়ার
ঠাকুরগাঁওয়ে এক জনসভায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মির্জা ফখরুলের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও সস্তা জনপ্রিয়তার রাজনৈতিক ভণ্ডামি’ বলে বর্ণনা করেছেন।
গতকাল বুধবার (২০ মে) রাতে জামায়াতের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এই কড়া প্রতিক্রিয়া জানান।
ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি করে বিএনপি নিজেই
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে গৎবাঁধা মিথ্যাচার ও বিষোদ্গার করেছেন, তা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকা এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি সুশৃঙ্খল ও গণমুখী ইসলামী দলের বিরুদ্ধে ন্যক্কারজনকভাবে কুৎসা রটানোর পথ বেছে নিয়েছেন।”
মির্জা ফখরুলের ‘ধর্মের নামে রাজনীতি’ করার অভিযোগের জবাবে পাল্টা আক্রমণ করে গোলাম পরওয়ার বলেন—
“দেশবাসী ভালো করেই জানে, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, আদর্শিক ও প্রকাশ্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আমরা ধর্ম নিয়ে কখনো কোনো ধরনের হীন ব্যবসা বা চাতুরীর আশ্রয় নেই না। বরং ধর্ম নিয়ে প্রকৃত ব্যবসা ও ভণ্ডামি করে বিএনপি নিজেই। সারা বছর তাদের বড় বড় নেতাদের নামাজের কোনো খবর থাকে না, অথচ নির্বাচন ঘনিয়ে এলেই তাদের গায়ে পাজামা-পাঞ্জাবি ও মাথায় টুপি পরে, হাতে তসবিহ নিয়ে এবং আতর মেখে মসজিদে ঢুকতে দেখা যায়। জনগণের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার এই সস্তা ও ভণ্ডামিপূর্ণ রাজনীতি বিএনপির জন্যই বেশি প্রযোজ্য, জামায়াতের নয়।”
জনগণের রায়কে যারা অস্বীকার করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না
মির্জা ফখরুলের ‘এ দেশের মানুষ জামায়াতকে কোনো দিন ক্ষমতায় বসাবে না’—এমন দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতা বলেন, “জামায়াতে ইসলামী এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একটি দল। তাকে স্মরণ করিয়ে দিতে চাই, অতীতে একাধিকবার সংসদ নির্বাচনে দেশপ্রেমিক জনতা জামায়াতকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এবং আমাদের মন্ত্রীরা সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার উজ্জ্বল নজির স্থাপন করেছেন। জনগণের এই বাস্তব রায়কে যারা অস্বীকার করে, তারা আসলে মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে গণতন্ত্রেই বিশ্বাস করে না।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের সভায় দেশবাসীকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যে মির্জা ফখরুল যে সস্তা নাটক মঞ্চস্থ করার অপচেষ্টা করেছেন, তা তার মতো একজন সিনিয়র রাজনীতিকের কাছে কখনো কাম্য নয়। অপপ্রচার চালিয়ে মিথ্যাকে কখনো সত্যে পরিণত করা যায় না।
বক্তব্য প্রত্যাহারের আহ্বান
স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে মির্জা ফখরুলের দেওয়া মন্তব্যকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘পুরোনো অসত্য বয়ান’ আখ্যা দিয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সব সময় দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করে আসছে।
মিথ্যা এবং কুৎসার ওপর ভিত্তি করে কখনো টেকসই রাজনীতি করা যায় না উল্লেখ করে জামায়াত সেক্রেটারি জেনারেল, নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে জামায়াতের বিরুদ্ধে অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়া অনতিবিলম্বে বন্ধ করার এবং ঠাকুরগাঁওয়ে দেওয়া অসত্য মন্তব্য দ্রুত প্রত্যাহার করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি জোর আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
শিক্ষকদের বদলির আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত
৩ ঘন্টা আগে
ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার
৯ ঘন্টা আগে
গোপালগঞ্জে রিকশা চুরির অপবাদে চালককে পিটিয়ে হত্যা
১২ ঘন্টা আগে
‘উড়ে এসে জুড়ে বসিনি, ধমক দিয়ে লাভ নেই’: মির্জা ফখরুল
১২ ঘন্টা আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
১ দিন আগে
হঠাৎ জামায়াত আমীরের আবেগঘন পোস্ট
১ দিন আগে
কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে
১ দিন আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
১ দিন আগে