Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

অরাজকতা ও দুর্নীতি থেকে দেশ রক্ষায় একমাত্র ভরসা জনগণ ও গণতন্ত্র : তারেক রহমান

রাজনীতি December 7, 2025 06:08 PM ৫৮ দর্শক
অরাজকতা ও দুর্নীতি থেকে দেশ রক্ষায় একমাত্র ভরসা জনগণ ও গণতন্ত্র : তারেক রহমান

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় একমাত্র শক্তি জনগণ এবং গণতন্ত্র।

রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতির লাগাম টেনে ধরা এখন সবচেয়ে জরুরি কাজ। এই সংকট কাটানো না গেলে নারী, কৃষি ও স্বাস্থ্য খাতে নেওয়া কোনো উদ্যোগই কাঙ্ক্ষিত ফল দেবে না। তাঁর দাবি, দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বিএনপির রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিএনপিকে ঘিরে যেসব সমালোচনা করা হচ্ছে, তার অনেক অংশই বাস্তবতার সঙ্গে মিল নেই। বিএনপি সরকারের সময় আজ যাঁরা সমালোচকের ভূমিকায় আছেন, তাঁদের কেউ কেউ তখন মন্ত্রিত্বও পালন করেছেন। দুর্নীতির ক্ষেত্রে খালেদা জিয়ার অবস্থান সবসময় কঠোর ও স্পষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরতন্ত্রের পতনের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চেয়েছিলেন, জাতীয় সরকার গঠন করা হবে কি না। তখন সিদ্ধান্ত হয়েছিল জনগণের কাছেই ফিরে যাওয়ার, কারণ জনগণই বিএনপির শক্তির আসল উৎস।

অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সমালোচনা করে তারেক রহমান বলেন, যাঁরা নতুন করে নিজেদের তুলে ধরতে চান, জনগণ তাঁদের অতীত ভূমিকা ভুলে যায়নি। ইতিহাস সাক্ষী, কে কেমন ভূমিকা রেখেছিল—তা জনগণের মনে এখনও স্পষ্ট।

ধর্মীয় অনুভূতিকে রাজনীতিতে ব্যবহার করার বিরোধিতা করে তিনি বলেন, স্বর্গ-নরক কিংবা বেহেশত-দোজখ নির্ধারণের একমাত্র ক্ষমতা আল্লাহর। তাই এসব বিষয় নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া অনুচিত।

অনুরূপ সংবাদ