Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

জুলাই শহীদদের পাশে দাঁড়াতে রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান সারজিস আলমের

রাজনীতি December 6, 2025 09:58 AM ৬৩ দর্শক
জুলাই শহীদদের পাশে দাঁড়াতে রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আজ কেউই নিজ নিজ অবস্থানে থাকতে পারত না। তিনি বলেন, শুধু সরকার নয়, রাজনৈতিক দল ও সামর্থ্যবান ব্যবসায়ীদেরকেও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’ আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত দাবিদারদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। অনেক পরিবার বর্তমানে জীবিকা সংকটে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদদের পরিবার পুনর্বাসন এখন সময়ের বড় দাবি।

তিনি গৃহহীনদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং যোগ্যদের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানের আয়োজন করে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’। সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ক্বারী আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সদস্য সচিব মিঠুন ইসলাম।

অনুরূপ সংবাদ