Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জামায়াত আমির

রাজনীতি December 1, 2025 10:28 PM ১৭৮ দর্শক
হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জামায়াত আমির

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। তার পরিবর্তে এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান।

সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত তুলে ধরেন।

প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে মাওলানা মুখলিছুর রহমান বলেন, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ করে গেছেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন বলেও উল্লেখ করেন।

তবে বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা এবং সংগঠনের কৌশলগত সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে পরামর্শ করে নতুন প্রার্থী হিসেবে অলিউল্লাহ নোমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। এ সিদ্ধান্তে তিনি সম্মতি দিয়েছেন বলেও বলেন মুখলিছুর রহমান।

তিনি আরও বলেন, সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকেই তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত মনোনয়ন বা পদ-পদবির চেয়ে ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য।

মাওলানা মুখলিছুর রহমান আগামী দিনে দলের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে চুনারুঘাট–মাধবপুরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান—ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ঊর্ধ্বে উঠে সবাই যেন সাংবাদিক অলিউল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করেন।

নতুন প্রার্থী অলিউল্লাহ নোমানকে নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য ও গণসংযোগের মাধ্যমে আসন্ন নির্বাচনে ভালো ফল অর্জন সম্ভব হবে।

অনুরূপ সংবাদ