বিপিএল নিলামে রাজশাহী ওয়ারিয়র্সে মুশফিক, সন্তুষ্ট শান্ত
প্রায় এক দশকের বেশি সময় পর অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের নিলামে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত নিলামের মাধ্যমে ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে ৩৫ লাখ টাকায় মুশফিককে দলে নেয় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।
রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে আগেই সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষে দলে মুশফিককে নেওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। শান্ত বলেন, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্ত।
শান্ত বলেন, “মুশফিক ভাই বাংলাদেশের একজন বড় মাপের খেলোয়াড়। দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রিকেটে অবদান রেখে চলেছেন। টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও মালিকপক্ষের সম্মিলিত সিদ্ধান্তে তাকে দলে নেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, দলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নিলামের প্রথম ধাপে দল না পাওয়ায় মুশফিককে নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় দফায় তার মূল্য কমানো হয়নি। আগের মূল্যেই রাজশাহী ওয়ারিয়র্স তাকে চুক্তিবদ্ধ করে।
এ বিষয়ে শান্ত বলেন, “মুশফিক ভাইয়ের ক্যাটাগরি না কমানো নিঃসন্দেহে সম্মানের বিষয়। বিসিবি ও রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ, কারণ এই সিদ্ধান্তের সূচনা তারাই করেছে।”
দলের স্থানীয় খেলোয়াড় নির্বাচন নিয়েও সন্তুষ্ট শান্ত। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো করা ক্রিকেটারদের নিয়েই রাজশাহী দল গড়া হয়েছে। প্রত্যাশা করেন, স্থানীয় ক্রিকেটাররাও বিপিএলে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখবেন।
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান।
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে