প্রথমবার নিজ জেলা খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম, সংবর্ধনায় ইনসাফের আহ্বান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম প্রথমবারের মতো নিজ জেলা খাগড়াছড়ি সফর করেছেন। বুধবার বিকেলে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
মানিকছড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সাদিক কায়েম বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। তিনি বলেন, “এই অঞ্চলের সম্পদ সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের মতো আরও বহু দেশ পরিচালনা করা সম্ভব হতো। কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে গত ৫৪ বছরে পার্বত্য চট্টগ্রাম তার প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে পারেনি।”
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ ও আহত হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্র ও যুবকদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, “আমার ঘর তোমাদের জন্য সবসময় উন্মুক্ত। যেকোনো প্রয়োজনে তোমরা পাশে পাবে। জালেম যত শক্তিশালী হোক, তার পতন হবেই। সত্যের পক্ষেই শেষ বিজয়।”
সাদিক কায়েম খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকার ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। ডাকসু ভিপি নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম জেলা সফর।
সকাল থেকে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়ি পৌঁছানোর পথে মানিকছড়ি, জালিয়াপাড়া ও মাটিরাঙ্গাসহ বিভিন্ন স্থানে স্থানীয়রা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান। সফরকালে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০