গাজীপুরের বিআরটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আহ্বান জামায়াত নেতা হোসেন আলীর
প্রায় দেড় যুগ ধরে চলমান গাজীপুর বিআরটি প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার জোর দাবি জানিয়েছেন গাজীপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী।
২০২৩ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের দীর্ঘসূত্রিতা এবং খোলা ড্রেনের কারণে সৃষ্ট জনদুর্ভোগের প্রতিবাদে আজ সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক মানববন্ধন ও সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ১ হাজার সাধারণ জনগণ এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মিছিলে নেতা-কর্মীরা বিআরটি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হোসেন আলী বলেন, “ গাজীপুরে বিআরটি প্রকল্পের কাজের দীর্ঘসূত্রিতা এবং ড্রেনগুলো খোলা থাকায় সাধারণ মানুষকে অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। আমরা কর্তৃপক্ষকে দ্রুত বাকি কাজ শেষ করার জন্য আহ্বান জানাচ্ছি। ”
তিনি আরও বলেন, এই দীর্ঘসূত্রিতা কেবল যানজটই নয়, পথচারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুহাম্মদ আফজাল হোসেন বলেন, "গাজীপুর-২ আসনে হোসেন আলী ভাই নির্বাচিত হয়ে এলে, গাজীপুরকে বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবেন, ইনশাআল্লাহ।"
সকাল ১১টা ৩০ মিনিটে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে। আন্দোলনকারীরা আশা করছেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ হবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।
অনুরূপ সংবাদ
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে